প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নাটোরে গ্রাহক-ছাত্র জনতার অবস্থান কর্মসূচি

আব্দুল মজিদ, নাটোর প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৪:৫৫ পিএম

নাটোরে প্রি-পেইড বিদ্যুৎ মিটার বাতিল, অতিরিক্ত চার্জ প্রত্যাহার এবং গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে গ্রাহক ও ছাত্র জনতা অবস্থান কর্মসূচি পালন করেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের হাফরাস্তা এলাকায় নেসকো কার্যালয়ের সামনে কয়েক ঘণ্টা ধরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের শতাধিক মানুষ ব্যানার-পোস্টার নিয়ে অংশ নেন। বক্তৃতায় তারা প্রি-পেইড মিটার ব্যবস্থাকে “সফটওয়্যার নির্ভর লুটপাট” এবং “পকেট কাটা মিটার” আখ্যা দেন।

জুলাই যোদ্ধা কমিটির আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন, “প্রি-পেইড মিটার দিয়ে আমাদের ওপর জুলুম চালানো হচ্ছে। প্রতিদিন টোকেন রিচার্জ করতে হচ্ছে। দিনমজুররা দিনের শেষে বাসায় গিয়ে প্রথমেই জানতে পারে মিটারে টাকা নেই এটা মানবিক নয়।”

জুলাই যোদ্ধা কমিটির সদস্য উল্লাস অভিযোগ করেন, “আগে মাসে ১২০০ টাকায় চলা বিল এখন ২০০০–২৫০০ টাকায় দাঁড়িয়েছে। নেসকো যখন যা খুশি চার্জ কেটে নিচ্ছে। আমরা এর প্রতিবাদ না করলে বাঁচবো না।”

ছাত্রনেতা রবিন আহমেদ বলেন, “প্রি-পেইড মিটারের সফটওয়্যারে ইচ্ছামতো চার্জ কেটে নেওয়া হচ্ছে। জনগণের টাকা লুট করার জন্যই এই মিটার বসানো হয়েছে।”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শিশির মাহমুদ বলেন, “মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, লোড ফি এসব অবৈধ ফাঁদ। এখনই আন্দোলনে না নামলে এ মিটার আমাদের রক্ত চুষে খাবে।” তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কর্মসূচি চলাকালে নেসকো কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন ছিল। তবে শান্তিপূর্ণভাবেই পুরো কর্মসূচি শেষ হয়।

ইএইচ