বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, পটুয়াখালী-১ আসনের (পটুয়াখালী সদর-দুমকি ও মির্জাগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “শেখ হাসিনা দিল্লিতে বসে আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি প্রার্থীদের চরিত্রহননসহ তাদের হত্যার ষড়যন্ত্র করছে। সম্প্রতি ঢাকায় যে সিরিজ অগ্নিকাণ্ড হয়েছে, এগুলো এমনি এমনি হচ্ছে না এগুলো তাদের কাজ।”
সোমবার বিকেল সাড়ে ৪টায় মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “একটি দেশের প্রধানমন্ত্রী পালানোর নজির বিশ্বে নাই। আমাদের সন্তানদের আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছে। শুধু সে একা নয়, তার মন্ত্রী, এমপি, স্পিকারও পালিয়েছে। যাওয়ার আগে নির্বাচন কমিশনসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে।”
তিনি অভিযোগ করেন যে গত ১৫ বছরে আওয়ামী লীগের অত্যাচার, নিপীড়ন এবং মিথ্যা মামলায় বহু কর্মী পরিবার-পরিজন ছেড়ে ঢাকায় পালিয়ে দিনমজুর ও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন।
অভিযোগ করে তিনি আরও বলেন, “আমার নামে বহু মিথ্যা মামলা দিয়েছে। সেই মিথ্যা মামলায় আমি ৮ শতাধিক বার আদালতে হাজিরা দিয়েছি।”
মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. ফারুক ইকবালের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সাহাবুদ্দিন নান্নু মুন্সী, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আশ্রাফ আলী হাওলাদার, কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন হাং, মজিদবাড়িয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আ. ছালাম নয়ন ও সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন মৃধা প্রমুখ।
নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের তিন সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইএইচ