আশাশুনিতে টেঁকসই বেড়িবাঁধ ও জলবায়ু অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৪:০৭ পিএম

সাতক্ষীরার আশাশুনিতে টেঁকসই বেড়িবাঁধ নির্মাণ এবং জলবায়ু পরিবর্তন, স্থানচ্যুতি ও সুরক্ষা অধিকারের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত প্রতাপনগর ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

কারিতাস জার্মানির সহযোগিতায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য মীর আবু বকর, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম আল ফারুক, ক্ষতিগ্রস্ত রানুফা খাতুন, আবু মুছা, রেবেকা খাতুন, রুপালি রানী প্রমুখ।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেনের উপস্থাপনায় বক্তারা "জলবায়ু পরিবর্তন রুখতে হবে, মাইগ্রেশন কমাতে হবে" এই দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বলেন, নদী ভাঙনের কারণে প্রতাপনগর ইউনিয়নের শত শত মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন জায়গায় যেতে বাধ্য হয়েছে। নদী ভাঙনের ফলে দক্ষিণাঞ্চলের মানুষ বছরের পর বছর ধরে অসহায় ও মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তারা বলেন, "আমরা ত্রাণ চাই না, কোন ভিক্ষা চাই না, আমাদের দাবি একটাই টেঁকসই বেড়িবাঁধ নির্মাণ করুন। আমাদের মানুষের মতো বাঁচতে দিন।"

ইএইচ