কুষ্টিয়ার শ্রমিক দল নেতার মরদেহ ফরিদপুরের পদ্মা নদী থেকে উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৪:৫১ পিএম

ফরিদপুরে পদ্মা নদীর কবিরপুর খেয়াঘাট পয়েন্ট থেকে কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নু'র মরদেহ উদ্ধার করেছে জেলার নৌ পুলিশ।

মঙ্গলবার দুপুরে ওই ব্যক্তির পরিচয় মিলেছে। এর আগে সোমবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। আবেদুর রহমান আন্নু কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আবেদুর রহমান আন্নু কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। গত ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তিনি কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন। এ ঘটনায় কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়রী (জিডি) করেন তার স্ত্রী।

ফরিদপুর নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার জানান, আবেদুর রহমান আন্নুর মরদেহ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা তার পরিচয় শনাক্ত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পদ্মা নদীর সদর উপজেলার কবিরপুর চর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোনের সিমকার্ড দিয়ে পরিবারের নম্বরে ফোন দিলে দুপুরে পরিবারের সদস্যরা এসে তার মরদেহ সনাক্ত করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ