রিয়ামনিকে কুপিয়ে হত্যা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৪:২০ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রিয়া মনি নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার কামারগাঁও এলাকায় একটি র‌্যাংগস কোম্পানির স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী আদিলকে আটক করেছে পুলিশ।

নিহত রিয়া মনি (২২) জামালপুরের চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে। তার স্বামী বাবুর্চি আদিলের সঙ্গে সোনারগাঁয়ে ভাড়াটিয়া বাড়িতে থাকতেন তিনি।

পুলিশের হাতে আটক আদিল গত ৮ বছর যাবত সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় অবস্থিত র‌্যাংগস গ্রুপের কারখানায় বাবুর্চি হিসেবে কাজ করছেন। তার বাড়ি জামালপুর জেলার সদর থানার চুনুটিয়া গ্রামে। তার বাবার নাম বাদশা মিয়া। সে গত ১১ মাস আগে পারিবারিকভাবে একই জেলা ও থানার শেখপাড়া (মন্ডলবাড়ির) হালিম মন্ডলের মেয়ে রিয়া মনিকে বিয়ে করে সোনারগাঁওয়ের র‌্যাংগস গ্রুপের আবাসিক কোয়ার্টারে বসবাস করছেন। 

গতকাল সকাল সাড়ে ৮টার দিকে আদিল তার স্ত্রীর জন্য সকালে নাস্তা আনতে বের হয়। পরে সকাল ৯টার দিকে ২টি পরোটা নিয়ে কোয়ার্টারে আসেন আদিল। এ সময় রুমে ঢুকে একটি ধারালো বটির আঘাতে স্ত্রী রিয়া মনির গলা কাটা ও মাথায় কোপ দিয়ে হত্যা করা রক্তাক্ত লাশ খাটের উপর পড়ে থাকতে দেখতে পান। এ সময় রুমে ভেতর কাউকে দেখতে না পেয়ে ডাক চিৎকার শুরু করলে, এলাকাবাসী ও র‌্যাংগসের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে আসেন।

এদিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ পুলিশ কল পেয়ে ঘটনাস্থলে এসে স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। পরে বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের (অঞ্চল-খ) অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে পুলিশের (অঞ্চল-খ) অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ বলেন, আপাতত রিয়া মনি হত্যাকাণ্ডে তার স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হবে।

জেএইচআর