চাঁদপুর-২ নির্বাচনী আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মোটরসাইকেল র্যালি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
এ আসন থেকে দলীয় প্রাথমিক মনোনয়ন পাওয়া মোহাম্মদ জালাল উদ্দিন এর পরিবর্তে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এম. শুক্কুর পাটোয়ারীকে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে তার অনুসারীরা এই কর্মসূচি পালন করেছেন।
বুধবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মতলব ব্রিজের টোল প্লাজা থেকে শুরু হয়ে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে অনুষ্ঠিত মোটর র্যালিটি তার নির্বাচনী এলাকার ৬০ কিলোমিটার অঞ্চল প্রদক্ষিণ করে।
এ সময় মোটর র্যালিকারীরা উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় নেতা-কর্মী ও দলীয় সমর্থকদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা মনোনয়ন পরিবর্তনের জন্য বিক্ষোভকালে রিভিউ কার্ড প্রদর্শন করেন।
বিক্ষোভ প্রদর্শনকালে বক্তারা চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে তৃণমূলের নেতা-কর্মীদের চাওয়া এবং দীর্ঘদিনের ত্যাগ-সংগ্রামের মূল্যায়ন করার দাবী জানান। তাদের দাবী, এম. শুক্কুর পাটোয়ারী তৃণমূলের সত্যিকার অর্থেই সবচাইতে জনপ্রিয় নেতা। বিগত আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় জনতার কাতারে ছিলেন এবং হামলা মামলারও শিকার হয়েছেন।
এমনকি তিনি ইতিপূর্বে জনতার ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়ে জনতার রায়ের পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছেন। তাই এমন নিবেদিতপ্রাণ মনোনয়ন বঞ্চিত হওয়া মানে তৃণমূলকে অগ্রাহ্য করা বলে তারা মনে করেন। তারা কেন্দ্রীয় নেতাদের কাছে জোর দাবি জানিয়ে বলেন, এই আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক এবং এম. শুক্কুর পাটোয়ারীকে দলীয় প্রার্থী ঘোষণা করা হোক।
মোটর র্যালিটি উপজেলার মতলব ব্রিজের টোলপ্লাজা থেকে শুরু হয়ে উপজেলার সাহেব বাজার, রসূলপুর, সুজাতপুর বাজার, নন্দলালপুর বাজার, বাংলা বাজার, বাগানবাড়ি এলাকা হয়ে নির্বাচনী এলাকার ৬০ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে। আর নোতা কর্মী ও দলীয় সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র প্রবাসী কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবদলের সহ-সম্পাদক এম.এ. আজিজ ঢালী, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মান্নান সরকার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিয়াউল মাওলা কচি, মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শরিফ উল্লাহ্ টিটু, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শামীম মিয়াজী।
ইএইচ