পাঁচবিবিতে বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০৩:৩৭ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সেলিম আহমেদের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পাঁচবিবি লালবিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানসহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীগণ।

উপস্থিত সকলের সহযোগিতা ও মতামত চেয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। 

এ সময় তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও সরকারের আদেশ অনুযায়ী পাঁচবিবির সকলের সহযোগিতায় সুন্দর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।

১৪ই ডিসেম্বর সকালে সকল বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ মসজিদ, মন্দির ও গির্জায় সকল মুক্তিযোদ্ধার জন্য দোয়া কামনা করা হবে।

এছাড়াও ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিন ভোরে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঁচবিবি পৌর পার্কের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণসহ জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৯টায় পাঁচবিবি স্টেডিয়াম মাঠে সকল স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ডিসপ্লে অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হবে।

বিকেল ৪টায় পাঁচবিবি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এছাড়াও পাঁচবিবি পৌর পার্কে ১৬ই ডিসেম্বর থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হবে বলে উপজেলা প্রশাসন সাংবাদিকদের জানান।

উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রব বুলু বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্তম্ভ, মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছেন বলেই আজ সকলেই স্বাধীন। ডিসেম্বর বিজয় দিবসে যেন কোন মানবতার বিরোধী, মা-বোনদের ধর্ষণকারী এবং মুক্তিযুদ্ধবিরোধীরা অংশগ্রহণ করতে না পারে—সেদিকে নজর দেওয়ার জন্য তিনি প্রশাসনকে অনুরোধ করেন।

ইএইচ