টঙ্গীতে শুরায়ে নেজামের ৫ দিনের জোড় ইজতেমা শুরু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ১১:১৩ এএম

গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগপাড়ে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামাজের পর শুরু হয়েছে শুরায়ে নেজামের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। আখেরি মোনাজাতে আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) শেষ হবে এ বছরের এই গুরুত্বপূর্ণ দাওয়াতি সমাবেশ।

তাবলিগ জামাতের বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে মূল বিশ্ব ইজতেমার প্রায় ৪০ দিন আগে আয়োজিত এই জোড় ইজতেমা শুরায়ে নেজামের প্রস্তুতি ও পরিকল্পনার অন্যতম বড় ধাপ। প্রতিবছরের মতো এবারও দেশ-বিদেশের হাজারো সঙ্গী, শুরাহী মুরুব্বি, মাওলানা ও চিল্লাধারী মুসল্লিরা তুরাগপাড়ে সমবেত হয়েছেন।

শুরায়ে নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, সারা বছরের দাওয়াতি অগ্রগতি মূল্যায়ন, দিকনির্দেশনা গ্রহণ এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণই এই জোড় ইজতেমার প্রধান উদ্দেশ্য। ইতোমধ্যেই টিনশেড মসজিদ এলাকায় শুরায়ী মুরুব্বি ও সঙ্গীদের উপস্থিতি বেড়েছে, যেখানে প্রতিদিন গুরুত্বপূর্ণ বয়ান, নসিহত ও ইলমি আলোচনা করা হবে।

ময়দানে থাকা সঙ্গীদের জন্য থাকা–খাওয়া, নামাজ, বিরতি, বয়ান ও খুতবার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান।

পাঁচ দিনব্যাপী এই ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনও বিশেষ প্রস্তুতি নিয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, ময়দান ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথে তল্লাশি, রাত্রীকালীন নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং জনসমাগম ব্যবস্থাপনায় কঠোর নজরদারি থাকবে।

ইজতেমা মাঠে দেশব্যাপী মুসল্লি, চিল্লাধারী ও বিদেশি সঙ্গীদের উপস্থিতিতে সৃষ্টি হয়েছে এক আধ্যাত্মিক পরিবেশ। পাঁচ ওয়াক্ত নামাজ, তাসবিহ-তাহলিল, বয়ান, চিল্লার কারগুজারি ও ইসলামী চর্চার বিভিন্ন কার্যক্রমে দিনভর মুখর থাকবে ইজতেমা মাঠ।

আগামী মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। এতে দেশ-বিদেশের বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা। শান্তিপূর্ণ ও সফল জোড় ইজতেমার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তারা।

ইএইচ