সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শুক্রবার সকালে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত পেয়ারা খাতুন উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের হানিফ সরকারের কন্যা এবং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীমের দ্বিতীয় স্ত্রী।
জানা গেছে, শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পেয়ারা খাতুন এক বছর আগে প্রথম স্বামীকে তালাক দিয়ে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে কোন এক সময় পেয়ারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আব্দুল আলীম ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে, ঘটনা জানাজানির পর থেকে হাজারো উৎসুক জনতা নিহতের বাড়িতে ভিড় করেছে।
নিহতের বাবা হানিফ সরকার এবং চাচা রইমউদ্দিন সরকার জানান, এক বছর আগে আব্দুল আলীম প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও আত্মহত্যার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে পেয়ারা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর চাপ সৃষ্টি করে পেয়ারার কাছ থেকে ১৭ লাখ টাকা নেয়া হয়। এরপর থেকে নানা উপায়ে নির্যাতন করা হতো। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ শালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছে। তবে লোভী আব্দুল আলীম টাকা না পেয়ে হত্যার ঘটনা ঘটিয়েছে।
অভিযুক্ত আব্দুল আলীম ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
ইএইচ