বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ন্যায়বিচারসম্পন্ন সমাজ প্রতিষ্ঠা করার রূপরেখায় কাজ করতে হবে। দেশ আজ সংকটময় পথে নিমজ্জিত। বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও রাজনৈতিক নিপীড়নের কারণে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হলো রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবী বাস্তবায়ন।
এর আগে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগান দিয়ে সমাবেশ স্থল মুখরিত করে তোলে। সভা শেষে সভাপতিত্বের বক্তব্যে মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বাংলাদেশকে জনগণের প্রকৃত রাষ্ট্রের রূপ দিতে হলে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই। এদেশের জনগণই হবে আগামীতে দেশ গড়ার চালিকা শক্তি।
এ সময় সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর বাবুল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
ইএইচ