সাঘাটার অবৈধ ইটভাটায় নেই পরিবেশ ছাড়পত্র, তবুও বিদ্যুৎ সংযোগ বহাল

ইয়ামিন হাসান, সাঘাটা প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৩:২৮ পিএম

গাইবান্ধার সাঘাটার পরিবেশ ছাড়পত্রবিহীন ইটভাটাগুলোতে অবৈধভাবে ইট পোড়ানোর ধারা থামছে না। বরং আইন অমান্য করে এসব ভাটায় এখনো বিদ্যুৎ সংযোগ বহাল রয়েছে। 

ফলে প্রশাসনের তৎপরতা নিয়ে উপজেলাজুড়ে প্রশ্ন দেখা দিয়েছে।

গত ২ নভেম্বর আমার সংবাদ পত্রিকায় ‘অবৈধ ইটভাটায় বিদ্যুৎ সংযোগ পবিস কর্মকর্তাদের অর্থ লেনদেনের অভিযোগ’ শিরোনামে খবর প্রকাশ হওয়ার চার সপ্তাহ অতিক্রম করেছে। খবরটি দৃষ্টিগোচর হলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ সমন্বয়-২ এর উপসচিব মো. মামুন ভূঁইয়া নির্দেশনা পেয়ে গত ১০ নভেম্বর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি চিঠি প্রেরণ করেন। 

চিঠিতে সাত কর্মদিবসের মধ্যে দৈনিক আমার সংবাদে প্রকাশিত সংবাদের বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি (পবিসের) ব্যবস্থা গ্রহণের পর প্রতিবেদন পাঠানোর নির্দেশনা থাকলেও নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও পবিস কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির বোনারপাড়া জোনাল অফিস সেসব ভাটায় বিদ্যুৎ সংযোগ বহাল রেখেছে। এ নিয়ে দেখা দিয়েছে জনমনে নানা প্রশ্ন।

সাঘাটার স্থায়ী কয়েকেজন বাসিন্দা নাম না প্রকাশের শর্তে জানান, আমরা শুনেছি ভাটা মালিকদের মাধ্যমে ম্যানেজ হয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করতে গড়িমসি করছে। তা না হলে সরকারি নির্দেশনা অমান্য করার কথা নয়।

বোনারপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. জালাল উদ্দিন বলেন, উপসচিবের চিঠি পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করতে সাঘাটার ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অনুরোধ জানিয়েছি।

এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল বলেন, অবৈধ ইট ভাটাগুলো বন্ধে এসিল্যান্ডকে দায়িত্ব প্রদান করেছি। কেন বিলম্ব হচ্ছে, খতিয়ে দেখব। এদিকে সাঘাটার সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত’র মুঠোফোনে যোগাযোগ হলে বলেন, দাপ্তরিক বিভিন্ন মিটিং চলায় অভিযান করতে বিলম্ব হচ্ছে। তবে এ সপ্তাহের মাঝেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে আশ্বস্ত করেন এ প্রতিবেদককে।

প্রসঙ্গত, সাঘাটার দশ অবৈধ ইটভাটাগুলো সচল রাখতে প্রতিমাসে প্রায় পনের লক্ষাধিক টাকার বিদ্যুৎ ব্যবহার করা হয়। সচেতন মহল এসব ভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংশয় প্রকাশ করে বলেন, অবৈধ ভাটা পরিচালনা করতে পল্লী বিদ্যুতের এমন সহযোগিতা অব্যাহত থাকলে সাঘাটায় বিদ্যুতের বিপর্যয় ঘটতে পারে।

ইএইচ