মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৫:৪৭ পিএম

মানিকগঞ্জ জেলা শহরের মানরা সেতুর দক্ষিণ পাশে পশ্চিম সেওতা এলাকায় স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার ভোরে পেট্রোল ঢেলে ওই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি কালো রঙের প্রাইভেটকারে করে তিনজন ব্যক্তি শহীদ স্মৃতিস্তম্ভের কাছে নামেন। তারা স্মৃতিস্তম্ভের আশপাশে থাকা গাড়ির চাকার টায়ারগুলো জড়ো করেন। এরপর টায়ারে পেট্রোল ঢেলে শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেন। আগুন লাগার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। সিসিটিভি ফুটেজে এই দৃশ্য দেখা গেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভান।

সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় আগুনে এর নিচের কিছু অংশ পুড়ে কালো রং ধারণ করেছে। আগুনে ভস্মীভূত ছাই স্তম্ভের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার সমন্বয়ক ওমর ফারুক বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়াকে আমরা পরিকল্পিত নাশকতা মনে করছি। নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে আসছে। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটনায় দোষীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি করছি।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, 'ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

উল্লেখ্য, গণ অভ্যুত্থানে অংশ নিয়ে মানিকগঞ্জে পাঁচজন শহীদ হন। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভারে আন্দোলনে যোগ দিয়ে শহীদ হন তাঁরা। গত বছরের ৪ আগস্ট মানিকগঞ্জ জেলা শহরের মানরা সেতুর কাছে গণ অভ্যুত্থানে অংশ নেন ছাত্র জনতাসহ ফ্যাসিস্টবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। এ দিনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং পুলিশের সঙ্গে ছাত্র জনতার সম্মুখ লড়াই হয়। গণ অভ্যুত্থানে জেলার শহীদ সেই স্মৃতিকে ধরে রাখতে মানরা সেতুর দক্ষিণপাশে পশ্চিম সেওতা এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়।

ইএইচ