দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য এবং ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজ নোটিশে বিষয়টি জানানো হয়।
নোটিশে বাচ্চুকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর দলীয় শৃঙ্খলাবিরোধী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করলে দলের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের ২৪ অক্টোবর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও দলীয় সূত্রে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে নোটিশে বলা হয়, তিনি এবং তার ঘনিষ্ঠ ব্যক্তিরা আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, অনৈতিক প্রভাব বিস্তারসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। একজন বর্তমান সংসদ সদস্যকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এম জি