ব্র্যাক ব্যাংকে আগুন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৪:২৫ পিএম

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে ব্র্যাক ব্যাংক পিএলসি–এর একটি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল পৌঁনে ৮টার দিকে মধ্যবাজারে জয়নাল সুপার মার্কেটে অবস্থিত দ্বিতীয় তলার শাখাটিতে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এতে সার্ভার কক্ষের কিছু বৈদ্যুতিক যন্ত্রাংশ, নেটওয়ার্ক লাইন ও তার ক্ষতিগ্রস্ত হয়। তবে ব্যাংকের মূল কক্ষ, লকার ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদ রয়েছে বলে জানা গেছে।

শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম খান জানান, সার্ভার রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ধোঁয়া বের হতে শুরু করে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। তবে ধোঁয়া বের করতে সময় লাগায় সারাদিন ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ঘটনাস্থলের প্রাথমিক পর্যবেক্ষণে বৈদ্যুতিক শর্ট সার্কিটকেই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। পরবর্তী তদন্তে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ হবে।

ব্যাংক হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের ভোগান্তি চরমে ওঠে। লেনদেন, টাকা জমা বা উত্তোলন করতে আসা অনেককেই ব্যাংকের সামনে ফিরে যেতে দেখা যায়। কেউ কেউ তাদের হিসাব নিয়ে উদ্বেগও প্রকাশ করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সপ্তাহের ব্যস্ত সময়ের আগে শাখাটি বন্ধ থাকায় লেনদেন ব্যাহত হয়েছে। দোকানপাটের দৈনন্দিন বিক্রির টাকা জমা দিতে না পেরে তারা সমস্যায় পড়েছেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সার্ভার কক্ষের যন্ত্রপাতি মেরামত ও নেটওয়ার্ক ব্যবস্থা স্বাভাবিক হলেই শাখার কার্যক্রম দ্রুত পুনরায় চালু করা হবে। গ্রাহকদের হিসাব ও লকার সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলেও আশ্বস্ত করা হয়েছে।

জেএইচআর