দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন বাতিল এবং সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ. জেড. এম. রেজওয়ানুল হককে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পার্বতীপুর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান।
সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র এ. জেড. এম. মেনহাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
নেতারা বলেন, ৩০-৩২ বছর ধরে পার্বতীপুর-ফুলবাড়ীতে বিএনপির সংগঠনকে ধরে রেখেছেন রেজওয়ানুল হক। তাকে বাদ দিয়ে গত ৫ আগস্টের পর দলীয় রাজনীতিতে যুক্ত এ কে এম কামরুজ্জামানকে মনোনয়ন দেওয়ায় তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।
সভায় অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দিনাজপুর-৫ আসনে এ. জেড. এম. রেজওয়ানুল হককে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়।
জেএইচআর