নানা আয়োজনে মেহেরপুর মুক্ত দিবস উদযাপন

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৫:৩৫ পিএম

আজ ৬ ডিসেম্বর, মেহেরপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পাক বাহিনী ভোরে মেহেরপুর ত্যাগ করে। তার আগের দিন বিকেল থেকে পুরো রাতজুড়ে চলে তুমুল যুদ্ধ। পালানোর সময় দখলদার বাহিনী জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে যায়। সকালে মুক্তিযোদ্ধারা বিজয়ের আনন্দে রাস্তায় নেমে আসেন।

দিনটিকে ঘিরে জেলা প্রশাসনসহ মুক্তিযোদ্ধা সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে। সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের কলেজ মোড়ের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। পরে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় আইনশৃঙ্খলা বাহিনির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণ সবার জন্য খুলে দেওয়া হয় এবং অনুষ্ঠিত হয় দোয়া-মোনাজাত।

সকাল ১০টায় ড. শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে মুক্তিযোদ্ধা প্রাঙ্গণে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধবিষয়ক পতাকা উত্তোলন করা হয়।

জেএইচআর