নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীকে পরাজিত করে কেন্দুয়াকে হানাদার মুক্ত ঘোষণা করেন।
রোববার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে র্যালী, আলোচনা ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি নুরুল হক ভুইয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল ইসলাম।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আলী হাসান (অলি) এর সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম, জমিয়তে উলামায়ের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফারুকী, ডেপুটি কমান্ডার আব্দুল কদ্দুছ লাল চান, সাবেক কমান্ডার বজলুর রহমান,কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন,পৌর বিএনপির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল হাই সেলিমসহ সাংবাদিক, শিক্ষক ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
ইএইচ