নরসিংদীতে দুটি অবৈধ ইটভাটা ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত

আইয়ুব খান সরকার, নরসিংদী প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৭:০১ পিএম

নরসিংদীর মনোহরদীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও সংশ্লিষ্ট অনুমোদন না থাকায় দুটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আকানগর গ্রামের একেএফ ব্রিকস ও চুলা গ্রামের মা ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বদরুল হুদা। তিনি আরও জানান যে, অভিযানকালে মা ব্রিকসের মালিককে দেড় লাখ টাকা এবং একেএফ ব্রিকসের মালিককে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এ সময়ে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সমর কৃষ্ণ দাস এবং মনোহরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, ছাড়পত্র ছাড়া ইট উৎপাদন করে আসছিল দুটি ইটভাটা। আদালতের নির্দেশে এস্কেভেটর দিয়ে ভাটাগুলোর গোল চিমনি, ইট পোড়ানোর গোল প্রাচীর এবং কাঁচা ইট ভেঙে দেওয়া হয়। পাশাপাশি বৈধ অনুমোদন ব্যতীত ভাটা চালানো যাবে না এ মর্মে দুই ইটভাটার মালিকদের নির্দেশনা প্রদান করা হয় এবং তারা ভবিষ্যতে ভাটা পরিচালনা না করার মুচলেকা দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক মো. সজিব মিয়া বলেন, "মনোহরদীতে যেসব ইটভাটা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পরিচালিত হচ্ছে, সেগুলো অবৈধ হিসেবে গণ্য করা হবে। পরিবেশ রক্ষা ও আইন প্রয়োগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

ইএইচু