আমার সংবাদে খবর প্রকাশের পর অস্বাস্থ্যকর বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৭:৫৯ পিএম

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের (পুরাতন থানা সংলগ্ন) নিজবনী নালু ফকিরের বাসা বাড়ির ভেতর গোপনীয়ভাবে 'সুইট বেকারি' নামে একটি বেকারি গড়ে ওঠার খবর ‘আমার সংবাদ’ এ প্রকাশিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সংবাদকর্মীরা বেকারিতে গেলে সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পান। এ ব্যাপারে সুইট বেকারির কর্মরতরা জানান, দুই থেকে আড়াই মাস পূর্বে তারা বেকারিটি শুরু করে এবং তাদের কাছে সরকারি অনুমোদনের কোনো কাগজপত্র নেই।

পাশের বাড়ির বাসিন্দা মো. বাদল হোসেন বলেন, "এ ধরনের নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা মোটেও ঠিক নয়, এগুলো খেলে স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে।" বেকারির পাশের দোকানদার মো. রফিকুল ইসলাম বলেন, "যদি নোংরা পরিবেশ হয়ে থাকে তাহলে এটা আইনগত অপরাধ।"

এ ব্যাপারে "আমার সংবাদকে" সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান বলেন, "আপনাদের মাধ্যমে বিষয়টা জেনে আজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সতর্কতামূলক অর্থদণ্ড করে সতর্ক করে দিলাম এবং অতি তাড়াতাড়ি সকল কাগজপত্র করার জন্য নির্দেশ প্রদান করিলাম।"

এ বিষয়ে সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল, মো. আসাদুজ্জামান রুমেল "আমার সংবাদকে" বলেন, "অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি করা অপরাধ। তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।"

ইএইচ