পঞ্চগড়ে টানা পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে।
বুধবার ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার ভোরেও একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ; সকাল ৯টায় ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৭৬ শতাংশ। যদিও আজ ঘন কুয়াশা নেই, ভোরে হালকা কুয়াশা দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও এতে তেমন উষ্ণতা মেলেনি।
এদিকে, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের সর্বোচ্চ ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি। টানা কয়েক দিন ধরে এমন বড় তাপমাত্রার পার্থক্য শীতের প্রকোপ আরও বাড়িয়ে দিচ্ছে।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগও কয়েকগুণ বেড়েছে। রাস্তাঘাট, বাড়ির সামনে, চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের ভোরের হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে মাঠে-ঘাটে রোজগারের জন্য বের হতে হিমশিম খেতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের অবস্থান করছে। সামনে আরও তাপমাত্রা কমতে পারে।
জেএইচআর