দুলু

তরুণদের হাতেই দেশের ভবিষ্যৎ, তাদের প্রযুক্তি-দক্ষ করাই সময়ের দাবি

নাটোর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০২:০৫ পিএম

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এ পৃথিবীতে টিকে থাকতে হলে প্রযুক্তির বিকল্প নেই। এই তথ্যপ্রযুক্তির যুগে এখন আর এনালগের কোনো অস্তিত্ব নেই।

বুধবার বেলা ১১টার দিকে নাটোর শহরের কান্দিভিটা এলাকায় অবস্থিত ‘নাটোর আইটি ইনস্টিটিউট’-এর ১০০ জন প্রশিক্ষণার্থীর কোর্স সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই প্রশিক্ষণার্থীরা সফলভাবে কোর্স সম্পন্ন করেন।

প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দুলু বলেন, এখন কম্পিউটারের যুগ। আমাদের দেশের ছেলে-মেয়েরা কাজের জন্য বিদেশে যেতে চায়। কিন্তু সঠিক প্রশিক্ষণ থাকলে এখন আর বিদেশে যাওয়ার প্রয়োজন নেই; ঘরে বসেই কম্পিউটার ট্রেনিংয়ের মাধ্যমে হাজার হাজার, লক্ষ লক্ষ ডলার ইনকাম করা সম্ভব।

তিনি আরও উল্লেখ করেন যে, প্রযুক্তি-দক্ষ তরুণরা দেশেই বসে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল, নাটোর আইটি ইনস্টিটিউটের সিনিয়র প্রশিক্ষক তাহমিনা আশরাফী।

আলোচনা সভা শেষে রুহুল কুদ্দুস তালুকদার দুলু উত্তীর্ণ ১০০ জন প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিক সনদ তুলে দেন।

জেএইচআর