ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে ভোটগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ পৃথক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করেন। নির্বাচনকে কেন্দ্র করে পরিষ্কার, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ গড়ে তুলতে জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।
ইসির প্রজ্ঞাপন অনুযায়ী, মাগুরা জেলায় নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর ২০২৫। মনোনয়নপত্র বাছাই করা হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। এর বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি করা হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ব্যালট পেপারের মাধ্যমে এবং প্রতিটি কেন্দ্রে থাকবে স্বচ্ছ ব্যালট বাক্স।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই পৃথক গোলাপী ব্যালট পেপারে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মনোনয়নপত্র গ্রহণের কেন্দ্রগুলো হলো, মাগুরা-০১ আসনের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, শ্রীপুর/মাগুরা সদর। মাগুরা-০২ আসনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মহম্মদপুর/শালিখা এবং উপজেলা নির্বাচন অফিসার, মাগুরা সদর। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
স্বচ্ছ নির্বাচনে জেলা প্রশাসনের কঠোর প্রস্তুতি নেওয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণকে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাঠপর্যায়ের মনিটরিং, পর্যাপ্ত প্রশিক্ষণ, লজিস্টিক ব্যবস্থাপনা ও ঝুঁকি বিশ্লেষণসহ বহুমাত্রিক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রশাসনের এক কর্মকর্তা বলেন, "স্যার সবসময় মাঠপর্যায়ে নজরদারি রাখেন, ছোট-বড় সব বিষয় নিজে দেখেন। তাঁর নেতৃত্বে মাগুরার নির্বাচন সুশৃঙ্খল হবে। তবে এবারের প্রস্তুতি আরও শক্তিশালী ও পেশাদার।" মাগুরা জেলা প্রশাসন এবং নির্বাচন অফিস যৌথভাবে সব কেন্দ্রের ঝুঁকি বিশ্লেষণ করে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনাও প্রস্তুত করেছে বলে জানা গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ বলেন, জেলার ৪টি উপজেলা, ১টি পৌরসভা, ৩৬টি ইউনিয়ন, ৭৩০টি গ্রামে মোট ভোটার সংখ্যা ৫,৩৪,১১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৬০,১৬৯ জন এবং মহিলা ভোটার ২,৭৩,৯৪৬ জন। নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদসহ সব প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তিনি আরও বলেন, "ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।"
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, "বর্তমান সরকার ও নির্বাচন কমিশন একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। মাগুরায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। সকল রাজনৈতিক দল, প্রার্থী এবং ভোটারদের সহযোগিতায় ভোটের দিন একটি স্বচ্ছ পরিবেশ তৈরি হবে এটাই আমাদের বিশ্বাস।" তিনি আরও যোগ করেন, "গণভোটসহ সব কার্যক্রম সুষ্ঠু ও আইনসম্মতভাবে সম্পন্ন করতে সব দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।"
গণবিজ্ঞপ্তিগুলোর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, পুলিশ সদরদপ্তর, বিভাগীয় কমিশনারসহ সব উচ্চপদস্থ দপ্তরে পাঠানো হয়েছে। এতে নির্বাচন পূর্ব প্রস্তুতি আরও দৃঢ় হয়েছে বলে জানায় প্রশাসন।
মাগুরায় নির্বাচনকে ঘিরে প্রশাসন, নির্বাচন অফিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টা ইতোমধ্যেই ভোটারদের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে। সবমিলিয়ে জেলার মানুষ আশা করছে আগামী ১২ ফেব্রুয়ারি মাগুরায় অনুষ্ঠিত হবে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন।
ইএইচ