সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা উপজেলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে নিজের হাতেই তাঁর দাড়িপাল্লা প্রতীকের পোস্টার সরিয়ে নেওয়ার কাজে হাত দেন। তিনি নির্বাচনী আচরণবিধি মেনে এই উদ্যোগ নেন।
পোস্টার সরিয়ে নেওয়ার আগে একটি বার্তা রেকর্ড করেন শিশির মনির। তিনি বলেন, "গতকাল (১১ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ সব ধরনের নির্বাচনী প্রচারপত্র সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে আলোকসজ্জাসহ যত ধরনের প্রচার ম্যাটেরিয়াল আছে, সবই আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদেরই তা করতে হবে।"
ভিডিও বার্তায় শিশির মনিরকে বলতে শোনা যায়, "রাষ্ট্রের নতুন আইন হয়েছে, নতুন বাংলাদেশে নির্বাচন হবে। সেজন্য আমাদের পোস্টার আমরা নিজের হাতেই সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। শুধু এই জায়গায়ই না, দুই থানাতে যেখানে আমাদের ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে, সেগুলো আমরা নিজ দায়িত্বে ছুটিয়ে ফেলছি।"
শিশির মনিরের আশা, সবাই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নির্বাচনী আচরণবিধি মেনে পোস্টার-ব্যানার-ফেস্টুন সরিয়ে নেবেন।
এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় ভোটাররা বলেছেন, নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীর এমন দৃষ্টান্ত অন্যদের জন্যও অনুকরণীয়।
ইএইচ