কনকনে শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আওতাধীন দেবীগঞ্জ সেনা ক্যাম্পের উদ্যোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উত্তরবঙ্গের হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড় জেলা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অধিক শীতপ্রবণ। খোলা মাঠ, হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীত মৌসুমে এ অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দুর্ভোগে পড়ে।
শনিবার সকাল ১১টায় দেবীগঞ্জ উপজেলার ৪৩ নং সোনাহার মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতা বিবেচনায় নিয়ে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প ক্যাপ্টেন মো. সাকিব হাসান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সামছুল কবিরসহ বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। এক উপকারভোগী বলেন, সেনাবাহিনীর দেওয়া কম্বলগুলো অত্যন্ত মানসম্মত ও মোটা। এতে আমাদের শীত অনেকটাই কেটে যাবে। অন্য জায়গা থেকে পাওয়া কম্বল অনেক সময় শুধু চাদরের মতোই ব্যবহার করতে হয়।
এ ধরনের মানবিক কার্যক্রম শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
জেএইচআর