আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
শনিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা হামলার তীব্র নিন্দা জানান।
সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধী মত দমন করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। শরিফ ওসমান হাদীর ওপর হামলাও সেই ধারাবাহিকতার অংশ। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক সহিংসতা বন্ধ করা জরুরি। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভুইয়া হীরা, আহসান পারভেজ ও শরীফ জায়েদী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, জেলা যুবদল নেতা আল-আমিন ও সোহাগ সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার ও সদস্য সচিব হারুন-অর-রশিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ইএইচ