রংপুরে ৩ মাসে ধর্ষণ ৩৭, হত্যা ১৩

সুজন আহম্মেদ, রংপুর প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৪:০৭ পিএম

রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। গত ৩ মাসে রংপুর মহানগরীসহ উপজেলা পর্যায়ে ১৩টি হত্যার ঘটনা ঘটেছে। এ ছাড়া, ধর্ষণের শিকার হয়েছে ৩৭ জন। তিন মাসে মোট ৮৯৯টি অপরাধ সংগঠিত হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।

তিনি আরও জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে রংপুর জেলায় ৬ জনের খুন হয়েছে। এ ছাড়া, ৩৫টি চুরি, ৪টি অপহরণ ও ৯ জন ধর্ষণের শিকার হয়েছে। নারী নির্যাতনের শিকার হয়েছে ২৮ জন। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩০৪টি।

অক্টোবর মাসে জেলায় ৫ জনের খুন হয়েছে। ৩২টি স্থানে চুরি এবং ৩টি স্থানে সিঁধেল চুরির ঘটনা ঘটেছে। এ মাসে ৩টি অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৪১ জন। ২১টি ধর্ষণের ঘটনার মধ্যে নগরীর বাইরে উপজেলা পর্যায়ে ঘটেছে ২০টি। এ ছাড়া, অক্টোবরে একটি ডাকাতির ঘটনাও ঘটেছে। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩১৩টি।

নভেম্বর মাসে ২টি খুনের ঘটনা ঘটেছে। চুরি হয়েছে ২০টি স্থানে এবং সিঁধেল চুরির ঘটনা ২টি। এ মাসে অপহরণের ঘটনা ঘটেছে ৩টি। নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ জন, যার মধ্যে ৩৩টি ঘটনা ঘটেছে নগরীর বাইরে। এ ছাড়া, নভেম্বর মাসে ৭ জন ধর্ষণের শিকার হয়েছেন। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ২৮২টি।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, সরকারি আইনজীবী আব্দুল হাদী বেলালসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ইএইচ