শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে দুর্বৃত্তদের আগুন

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৩:৩২ পিএম

শরীয়তপুর সদর উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার রাতে দুর্বৃত্তরা কবরে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খানের পরিবারের সদস্যরা।

গ্রামবাসী জানান, শরীয়তপুর সদর উপজেলার আংগারীয়া ইউনিয়নের চর নিয়ামতপুর গ্রামের বাসিন্দা মান্নান খান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। ২০১০ সালের ৮ জানুয়ারি তিনি মারা যান এবং পরিবারের সদস্যরা বাড়ির বসতঘরের পাশে তাঁকে কবর দেন। গতকাল রাতের আঁধারে দুর্বৃত্তরা ওই কবরের ওপর কিছু পাটখড়ি, গাছের ডালপালা ও পাতা দিয়ে আগুন ধরিয়ে দেয়।

পরিবারের সদস্যরা আজ সকালে কবরের ওপর আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। পরে তারা পালং থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

বীর মুক্তিযোদ্ধা আ. মান্নানের মেয়ে আফরোজা আক্তার বলেন, “মায়ের চিৎকার শুনে বাবার কবরের পাশে ছুটে যাই। সেখানে দেখি, কবরের ওপরে খানিকটা জায়গাজুড়ে ছাই পড়ে আছে। সদ্য নিভে যাওয়া আগুনের ছাই। কারা কী উদ্দেশ্য নিয়ে এ কাজ করেছে, তা বুঝতে পারছি না। তবে ঘটনাটিতে আমরা মর্মাহত ও শঙ্কিত হয়ে পড়েছি।” তিনি তাৎক্ষণিক ঘটনাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের জানান।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার তথ্য তাঁর মেয়ে আমাকে জানিয়েছেন। ঘটনাটির বিস্তারিত খোঁজ নেব।”

পালং মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহ আলম বলেন, “বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কবরে কে বা কারা আগুন দিয়েছে। এটা আমরা তদন্ত করে দেখছি।”

শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবদুল আজিজ সিকদার এই ঘটনাটিকে উদ্বেগ ও উৎকণ্ঠার বলে উল্লেখ করেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা বিষয়টি নিয়ে আলোচনা করে করণীয় ঠিক করবেন।

এ ব্যাপারে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, “আমি এমন কোনো ঘটনা এখনো শুনিনি। পুলিশ সুপারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”

ইএইচ