বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হলো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার দুপুরে গোপায়া ইউনিয়ন পরিষদ থেকে একটি বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়, যা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি.কে. গউছ, জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা মুখলিছুর রহমান, এনসিপি জেলা আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, ইসলামী আন্দোলনের জেলা সম্পাদক মো. শামসুল হুদা এবং বাপা জেলা সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, "শিক্ষা ও গবেষণার মাধ্যমে হবিগঞ্জ তথা হাওরাঞ্চলের কৃষি বিপ্লবে এই বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রাখবে।" পরে অতিথিবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রতিষ্ঠিত হওয়া এই বিদ্যাপীঠটি বর্তমানে ৪টি অনুষদের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। সাম্প্রতিক সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ২৩ জন শিক্ষক গবেষণা অনুদান পেয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষার জন্য আধুনিক ল্যাব ও জার্ম প্লাজম সেন্টার স্থাপন করা হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ কৃষি নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে।
ইএইচ