জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি: মুক্তিযোদ্ধা কমান্ডারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:৪৭ পিএম

মহান বিজয় দিবসের এক অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। 

বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি দিরাই পৌর শহরের থানা রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক এবং পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তারা একে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে উল্লেখ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। অন্যথায় দিরাই থানা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

ইএইচ