নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৪:০৬ পিএম

রংপুরের কাউনিয়া উপজেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান বলেছেন, “নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” 

তিনি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মঙ্গলবার দুপুরে কাউনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করে। এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কাউনিয়া উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন সমস্যা, নাগরিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণিসম্পদ, যোগাযোগ ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁদের নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন এবং উন্নয়নের বিভিন্ন প্রস্তাব দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ আর এম আল মামুন, কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 

এছাড়া বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা নিয়মিত এ ধরনের সভা আয়োজনের দাবি জানান।

ইএইচ