ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে গুলি: ২৪ ঘণ্টার মধ্যে ৮ অভিযুক্ত গ্রেপ্তার

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকায় রাজু প্রকাশ সাগর মিয়া নামে এক যুবককে গুলি করে আহত করার ঘটনায় ৮ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত এই ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ

র আগে গত বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মুন্সেফপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় রাজু গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে। প্রত্যক্ষদর্শী ও এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার পর এই অভিযান চালানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী যুবকের বাবা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সেফপাড়ার আল আমিনের ছেলে সাগর (১৯), আনিসের ছেলে অনিক (২৪), পৈরতলার মো. হাছু মিয়ার ছেলে রুবেল (২৫), মধ্যপাড়ার দুলাল মিয়ার ছেলে হৃদয় (২৫), ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার মৃত আবু ছালেকের ছেলে মো. রাজু (২৫), মুন্সেফপাড়ার মো. অহিদ মিয়ার ছেলে জসিম মিয়া (২৫), কাজীপাড়ার মৃত রহমতের ছেলে সাগর ওরফে বুলেট (২৪) এবং মধ্যপাড়ার সিরাজুল ইসলামের ছেলে সাব্বির (৩৩)। তারা সকলেই ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ