সোনারগাঁয়ের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো: ইউএনও আসিফ আল জিনাত

পনির ভুঁইয়া, সোনারগাঁও প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:২২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নবনিযুক্ত নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত বলেছেন, সোনারগাঁওয়ে মাদক ও চাঁদাবাজি নির্মূলসহ উপজেলার সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। 

এরই ধারাবাহিকতায় উপজেলার বারদী শান্তিবাজার রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে। এতে সোনারগাঁও ও আড়াইহাজার উপজেলার প্রায় ১ লক্ষ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমতে শুরু করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রায় ৯৮ লক্ষ টাকা ব্যয়ে এই আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। মেসার্স সোহেল ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বিধি মোতাবেক কাজটির বাস্তবায়ন করছে। দীর্ঘ প্রতীক্ষার পর জনগুরুত্বপূর্ণ এই রাস্তার কাজ শুরু হওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

কাজের ঠিকাদার সোহেল মিয়া জানান, অনুমোদিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে এই কাজ সমাপ্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোনারগাঁও উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরীও নিশ্চিত করেছেন যে, জরুরি ভিত্তিতে শুরু হওয়া এই কাজটি অল্প দিনের মধ্যেই শেষ হবে।

উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত জানান, জনগণের চাহিদা মোতাবেক পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হবে। এই রাস্তার অবশিষ্ট কাজও দ্রুত শুরু হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি উপজেলার সার্বিক উন্নয়নে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।

ইএইচ