বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি শুরু করেছেন স্বাস্থ্য সহকারীরা।
শনিবার সকাল থেকে ঈশ্বরগঞ্জ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে সংগঠনের উপজেলা শাখার সদস্যরা ব্যানার ও পতাকা হাতে অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, তৃণমূল পর্যায়ে শিশুদের টিকাদানসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সেবা প্রদান করলেও স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা ও ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত। তাদের দাবিগুলো দীর্ঘ সময় ধরে উপেক্ষিত থাকায় এবার চূড়ান্ত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দিয়েছেন তাঁরা।
উপজেলা শাখার সভাপতি নূরুল হক (হলুদ) বলেন, "আমরা মাঠ পর্যায়ে কাজ করে জনস্বাস্থ্য রক্ষা করছি, অথচ বৈষম্যের শিকার হচ্ছি।"
সাবেক সভাপতি আনিসুর রাজ্জাক ভূইঁয়া (খোকন) আশা প্রকাশ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর এই দীর্ঘদিনের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
এদিকে স্বাস্থ্য সহকারীদের এই কর্মবিরতির প্রভাবে গ্রামীণ পর্যায়ের কমিউনিটি স্বাস্থ্যসেবা অচল হয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন জানান, টিকাদান কার্যক্রম বন্ধ থাকায় গর্ভবতী মা ও শিশুরা স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন। জনস্বার্থ রক্ষায় দ্রুত এই সংকট নিরসনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
ইএইচ