পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা: বিপর্যস্ত জনজীবন

পঞ্চগড় প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:১৩ পিএম

হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে কনকনে শীত ও ঘন কুয়াশা। 

মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকছে পথঘাট, যার ফলে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

আবহাওয়া অফিস জানায়, গত কয়েকদিন ধরেই এ অঞ্চলে ঠান্ডার তীব্রতা বেড়েছে। গত সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ১১ ডিসেম্বর চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এ জনপদে।

টানা কুয়াশা ও কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। হাড়িভাসা এলাকার অটোরিকশাচালক রফিকুল জানান, কুয়াশার কারণে সামনের রাস্তা দেখা যায় না, তার ওপর প্রচণ্ড ঠান্ডায় যাত্রীও কমে গেছে। 

দিনমজুর আনারুল আক্ষেপ করে বলেন, "সকালে ঠান্ডার জন্য কাজ করতে খুব কষ্ট হয়। কিন্তু কাজ না করলে খাবো কী?" শীত নিবারণের জন্য নিম্ন আয়ের মানুষকে বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত ১১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। বর্তমানে কুয়াশার মাত্রা কিছুটা বেশি। তিনি আরও সতর্ক করে জানান, ডিসেম্বরের শেষ দিকে তেঁতুলিয়াসহ উত্তরাঞ্চলের ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ইএইচ