ভেজাল গুড় তৈরির দায়ে গুরুদাসপুরে কারখানা সিলগালা ও জরিমানা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:২৭ পিএম

নাটোরের গুরুদাসপুরে অস্বাস্থ্যকর ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। 

মঙ্গলবার সকালে উপজেলার নাজিরপুর এলাকায় অবস্থিত ‘নাজিরপুর শেখ এগ্রো’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান ও কারখানাটি সিলগালা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আব্দুল হান্নান শেখের মালিকানাধীন ওই কারখানায় উৎপাদিত গুড়ে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হাইডোজ ও কেমিক্যাল পাউডার ব্যবহার করা হচ্ছিল। হাতেনাতে প্রমাণ মেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভেজাল খাদ্যবিরোধী আইনে কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম পুরোপুরি বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম এবং নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, এর আগে গত ১৮ ডিসেম্বর উপজেলার ‘ভাই ভাই বাণিজ্যলয়’ নামক অন্য একটি গুড় কারখানায় অভিযান চালিয়ে সেটিকেও সিলগালা করা হয়েছিল। ল্যাব পরীক্ষায় সেই কারখানার গুড়েও ক্ষতিকর হাইডোজের অস্তিত্ব পাওয়া গেছে।

ইউএনও ফাহমিদা আফরোজ জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করে এমন যে কোনো অসাধু ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ইএইচ