পলাশে তাঁত শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পলাশ (নরসিংদী) সংবাদদাতা প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:২৯ পিএম

নরসিংদীর পলাশে এমরান ওরফে নয়ন মিয়া (৩৫) নামে এক তাঁত শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াবো গ্রামে একটি কারখানার পাশ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত এমরান ওই গ্রামের আমির ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এমরান বাড়ির পাশে মোস্তফা মিয়ার মালিকানাধীন একটি তাঁত কারখানায় শ্রমিকের কাজ করতেন। সোমবার রাতে কারখানায় নাইট ডিউটি করার সময় তিনি হঠাৎ বাইরে বের হন, এরপর আর ফিরে আসেননি। মঙ্গলবার ভোরে কারখানার অন্য এক শ্রমিক রাস্তার পাশে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহতের মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের পরিবার জানায়, কারখানায় কাজ করতে গিয়েই তিনি নিখোঁজ হয়েছিলেন। সকালে তাঁর মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের প্রেমিকার স্বামীর সাথে এই বিষয় নিয়ে আগেও একাধিকবার সালিশ-দরবার ও মামলা-মোকদ্দমা হয়েছিল।

তিনি আরও জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইএইচ