দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে ৫৭৬ কোটি ৯৬ লাখ টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার ২০২৫-২০২৬ অর্থবছরের সপ্তম একনেক সভায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ১২ তলা বিশিষ্ট একটি ছাত্র হল ও একটি ছাত্রী হল নির্মাণ করা হবে।
এ ছাড়া একাডেমিক কার্যক্রমের প্রসারে ১২ তলা একাডেমিক ভবন এবং শিক্ষক-কর্মকর্তাদের জন্য ১২ তলা আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রশাসনিক ভবনের চতুর্থ ও পঞ্চম তলা এবং মেডিকেল সেন্টারের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজও এই প্রকল্পের অন্তর্ভুক্ত।
অবকাঠামোর পাশাপাশি আধুনিক শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিতে আইটি সরঞ্জাম, ল্যাবরেটরি যন্ত্রপাতি এবং আসবাবপত্র সংযোজন করা হবে।
ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও সেবার মান বাড়াতে নির্মাণ করা হবে নিরাপত্তা অফিস, আনসার ব্যারাক, কনফারেন্স সুবিধাসহ জিমনেটরিয়াম এবং মসজিদ সম্প্রসারণের কাজ। এ ছাড়া অভ্যন্তরীণ আরসিসি রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, গভীর নলকূপ ও ৫০০ কেভিএ সাব-স্টেশন স্থাপনের মাধ্যমে ইউটিলিটি সেবা আরও শক্তিশালী করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন ও অবকাঠামোগত সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে। এটি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও জ্ঞান সৃষ্টির কার্যক্রমকে আরও গতিশীল করবে।
ইএইচ