শিক্ষা উপদেষ্টা

দীপু দাসের পরিবারের দেখভালের দায়িত্ব রাষ্ট্রের

আব্দুল্লাহ আল, ময়মনসিংহ প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১২:০৮ এএম

নির্বাচন বানচাল করতে একটি মহল দেশজুড়ে সহিংসতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত দিপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা স্পষ্ট করে বলেন, কোনো ধরনের চাপের কাছে নতিস্বীকার না করে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। 

তিনি অভিযোগ করেন, কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী সমাজে বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে। দেশবাসীকে এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের সহিংসতা বরদাশত করা হবে না এবং আইন তার পূর্ণ শক্তিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন অধ্যাপক সি আর আবরার। তিনি প্রতিশ্রুতি দেন যে, দিপু হত্যার সঙ্গে জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বিচারের আওতায় আনা হবে। সরকার দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

ইএইচ