ফেনী-২ আসনে এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়নপত্র সংগ্রহ

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:১৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। 

বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল এবং ফেনী জেলা শাখার আহ্বায়ক আহছান উল্যাহ। এছাড়াও জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা এ সময় উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মজিবুর রহমান মঞ্জু বলেন, “জনপ্রতিনিধি হিসেবে এটিই আমার প্রথম নির্বাচন। ছাত্রজীবন থেকে দীর্ঘ ৩৫ বছর ধরে আমি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত রাজনীতি করেছি। অনেক জেল-জুলুম ও নির্যাতন সহ্য করলেও নীতি থেকে বিচ্যুত হইনি। আমার অনেক প্রাতিষ্ঠানিক সনদ থাকলেও জনগণের প্রতিনিধিত্ব করার কোনো সার্টিফিকেট এখনও নেই; যা এই নির্বাচনের মাধ্যমে ফেনীর মানুষ নির্ধারণ করবে।”

বিগত ৫৪ বছরের প্রচলিত রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, “আমরা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। আমাদের এই আহ্বান সঠিক কি না, তা ফেনীর ভোটাররা তাঁদের রায়ের মাধ্যমে প্রমাণ করবেন। আপনারা যে রায় দেবেন, আমি তা সাদরে মাথা পেতে নেব।”

ফেনীর উন্নয়নের প্রশ্নে তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, উন্নয়নের জন্য বড় বড় প্রতিশ্রুতির চেয়ে শান্তি ও স্থিতিশীলতা বেশি জরুরি। ফেনীতে যদি সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করা যায়, দখলদারিত্ব রোধ করা যায় এবং প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয়, তবেই সাধারণ মানুষ প্রকৃত সুফল পাবে। সন্ত্রাসমুক্ত ফেনী গড়তেই তিনি নির্বাচনে লড়বেন বলে জানান।

ইএইচ