যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ আল আবরার (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবরার ওই গ্রামের আব্দুল গণির ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আবরার ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। বার্ষিক পরীক্ষা শেষে সে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার দুপুরে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে গ্রামের দলিল গাজীর পুকুরে গোসল করতে নামে আবরার। সাঁতার না জানায় একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। দুপুর দেড়টার দিকে স্থানীয়রা তাকে পুকুরে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারুক আযম পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আব্দুল গণি, যিনি ঢাকার তিতাস গ্যাসে কর্মরত, কান্নায় ভেঙে পড়ে বলেন, “ছেলে পরীক্ষা দিয়ে বাড়ি এসেছিল অষ্টম শ্রেণিতে উঠবে বলে। কিন্তু গোসল করতে নেমে যে সে আর ফিরবে না, তা কল্পনাও করিনি।”
পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, পানিতে ডুবে এক কিশোরের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইএইচ