ঝিনাইদহ ক্যাডেট কলেজের আন্তঃহাইজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৮:০১ পিএম

দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৬০তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার দিনব্যাপী কলেজের অ্যাথলেটিকস গ্রাউন্ডে চূড়ান্ত পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের আসরে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে হুনাইন হাউজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

গত ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ক্যাডেটরা মোট ৩৩টি ইভেন্টে অংশগ্রহণ করেন। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজীম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে তার সহধর্মিণী সাজীদা আহমেদ উপস্থিত ছিলেন। 

আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এইচ এম ছেরাজুজ্জামান।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি ক্যাডেটদের মনোমুগ্ধকর ডিসপ্লে এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। সমাপনী বক্তব্যে প্রধান অতিথি ক্যাডেটদের দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি কলেজের এই ধারাবাহিক সাফল্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় কলেজের সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষকবৃন্দ এবং ক্যাডেটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ইএইচ