১০ টাকায় ইলিশ ও ১ টাকায় মাংস দিয়ে আলোচিত রায়হান জামিল জাপার প্রার্থী

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৯:১৯ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টির (জাপা) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আলোচিত সমাজসেবক মুফতি রায়হান জামিল। 

বুধবার সন্ধ্যায় দলীয়ভাবে তার প্রার্থিতা নিশ্চিত করা হয়েছে বলে তিনি নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে রায়হান জামিলের ব্যাপক জনপ্রিয়তা এবং তার দীর্ঘদিনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড বিবেচনা করে কেন্দ্রীয় পর্যায় থেকে তাকে এই আসনের জন্য মনোনীত করা হয়েছে। দীর্ঘদিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকলেও শেষ পর্যন্ত তিনি লাঙ্গল প্রতীকে লড়াই করার সিদ্ধান্ত নেন।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় রায়হান জামিল বলেন, “জনগণের ভালোবাসাই আমার মূল চালিকাশক্তি। মহান আল্লাহর রহমতে নির্বাচিত হলে এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধিতে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেবো।”

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনে রায়হান জামিল তাঁর ব্যতিক্রমী কিছু মানবিক উদ্যোগের কারণে দেশজুড়ে আলোচনায় আসেন। গত ১৭ সেপ্টেম্বর মাত্র ১০ টাকায় ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকায় গরুর মাংস এবং জুলাই মাসে ২ টাকায় চাল বিতরণ করে তিনি সাধারণ মানুষের নজর কাড়েন। এছাড়াও গভীর রাতে দুস্থদের ঘরে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া এবং রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ঝাড়ু হাতে অভিনব মিছিলের কারণে স্থানীয় পর্যায়ে তিনি একটি শক্তিশালী জনভিত্তি তৈরি করেছেন।

ইএইচ