পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীদের বিশেষ ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০২:০২ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে পঞ্চগড় থেকে ঢাকাগামী বিশেষ ট্রেনের নিচে কাটা পড়ে আখিরুল ইসলাম (২৫) নামে এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন।

বুধবার রাতে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের টেংগনবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আখিরুল ইসলাম ওই ইউনিয়নের মাগুড়া শিপাইপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে সপরিবারে ফেরার পথে টেংগনবাড়ি এলাকায় অরক্ষিত রেললাইন পার হতে গিয়ে তার মাইক্রোবাসটি লাইনের ওপর আটকে যায়। আখিরুল গাড়ি থেকে নেমে পেছন থেকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসটি সরিয়ে নিতে সক্ষম হলেও দ্রুতগামী ট্রেনের সামনে থেকে নিজে সরে আসতে পারেননি। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকায় বিএনপির কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীদের বহনের জন্য এই বিশেষ ট্রেনটি ভাড়া করা হয়েছিল। ট্রেনটি রাত ৮টা ১০ মিনিটে স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে। রেলক্রসিং বা গেটম্যান না থাকায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে, দুর্ঘটনার পর টেংগনবাড়ি এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। রাত ৯টা ১০ মিনিটে পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতা গতিরোধ করে পাথর নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে ট্রেনটি পেছনে ঘুরিয়ে পুনরায় পঞ্চগড় রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়।

পঞ্চগড় রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জাহিদুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশেষ ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যুর সংবাদের পর বিক্ষুব্ধ জনতার বাধার মুখে একতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ফিরিয়ে আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ইএইচ