যশোর-৬ আসনের মনোনয়ন হারালেন বিএনপির শ্রাবণ

যশোর ব্যুরো প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৫:২৪ পিএম

আসন্ন সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে নাটকীয় পরিবর্তন এসেছে। 

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রাথমিক তালিকায় থাকলেও শেষ মুহূর্তে ধানের শীষের চূড়ান্ত টিকেট পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।

বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নের চিঠি তার হাতে তুলে দেওয়া হয়। এ

র আগে এ আসনে শ্রাবণ প্রাথমিক মনোনয়ন পাওয়ায় গত প্রায় দেড় মাস এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে শেষ মুহূর্তে দলের হাইকমান্ড আবুল হোসেন আজাদের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক দক্ষতাকে মূল্যায়ন করে সিদ্ধান্ত পরিবর্তন করে।

মনোনয়ন পরিবর্তনের খবর ছড়িয়ে পড়লে কেশবপুরে আজাদের সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। 

অন্যদিকে শ্রাবণের অনুসারীদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে শ্রাবণ জানিয়েছেন, তিনি দলের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করবেন।

দলীয় নেতাকর্মীরা জানান, আবুল হোসেন আজাদ গত দুই দশকেরও বেশি সময় ধরে কেশবপুর বিএনপির একজন দুঃসময়ের কান্ডারি হিসেবে পরিচিত। আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা এবং নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। 

এছাড়া তিনি নিজস্ব অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও দলীয় কার্যালয় স্থাপনসহ অসংখ্য অসহায় পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করে মানবিক নেতা হিসেবেও প্রশংসিত হয়েছেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর প্রাথমিক মনোনয়ন না পেলেও আত্মবিশ্বাসী আজাদ শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পুনরুদ্ধার করতে সক্ষম হলেন। তৃণমূলের নেতাকর্মীদের আশা, রাজপথের এই পরীক্ষিত নেতার হাত ধরেই যশোর-৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

ইএইচ