সিদ্ধিরগঞ্জে নকল স্ট্যাম্প তৈরির কারখানার সন্ধান: কয়েক কোটি টাকার সরঞ্জামসহ গ্রেপ্তার ২

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:০৯ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে গড়ে ওঠা জালিয়াতি চক্রের কারখানায় অভিযান চালিয়ে কয়েক কোটি টাকা মূল্যের নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন এমদাদ হাজীর বাড়িতে পরিচালিত এই অভিযানে কারখানার দুই কর্মচারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুরের চরভদ্রাসন থানার মিন্টু খান (৩৫) এবং বোয়ালমারী থানার মো. মুন্না ইসলাম মিকাইল (২১)।

পুলিশ জানায়, এমদাদ হাজীর দুই তলা বাড়ির নিচতলা ভাড়া নিয়ে মো. সবুজ মোতাহার নামে এক ব্যক্তি একটি ছাপাখানা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দেখা যায়, বৈধ ব্যবসার আড়ালে সেখানে সরকারি স্ট্যাম্প জাল করা হচ্ছে। অভিযানে কারখানাটি থেকে ৫০ ও ১০০ টাকা মূল্যের প্রচুর পরিমাণ নকল নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং ৫ টাকা থেকে ৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করা হয়। যার বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ওসি আব্দুল বারিক বলেন, "কারখানাটি থেকে বিপুল পরিমাণ নকল স্ট্যাম্প ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এই জালিয়াতি চক্রের মূল হোতা সবুজ মোতাহারসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।" সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে যারা এমন অবৈধ ব্যবসা করছে, তাদের শিকড় উৎপাটনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইএইচ