ফরিদপুরের সালথায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ মো. আব্দুর রহিম মাতুব্বর (৫৫) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রহিম মিনাজদিয়া গ্রামের মৃত জয়নুদ্দিন মাতুব্বরের ছেলে এবং তিনি উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রহিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে এবং মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
ইএইচ