মহাসড়কে চার যানের সংঘর্ষ, প্রাণ গেল মা ও মেয়ের

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৮:০৪ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রাইভেটকারের যাত্রী মা ও তার ১০ মাস বয়সী শিশু কন্যা। 

শুক্রবার সন্ধ্যায় গোড়াই ফ্লাইওভারের পূর্ব পাশে পর পর চারটি যানবাহনের মধ্যে সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনী জেলার জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (৩৭) এবং তার ১০ মাস বয়সী কন্যা তাজরিয়া কবির পিয়ম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাদিয়া কবির টাঙ্গাইলে একটি বিয়ের অনুষ্ঠান শেষ করে প্রাইভেটকার যোগে ঢাকার মিরপুরের বাসায় ফিরছিলেন। তাদের বহনকারী সাদা রঙের প্রাইভেটকারটি গোড়াই ফ্লাইওভারের নিকট পৌঁছালে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। 

একই সময়ে পেছনে থাকা একটি লাল রঙের প্রাইভেটকার এবং একটি যাত্রীবাহী বাস পর্যায়ক্রমে একটির পেছনে অন্যটি ধাক্কা দিলে দুর্ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চারটি যানবাহনের পর্যায়ক্রমিক ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইএইচ