নারায়ণগঞ্জের চাষাড়া-ঢাকা লিংকরোডে অবস্থিত সাব-রেজিস্ট্রার অফিস ও আয়কর ভবনের মধ্যবর্তী কালভার্ট সংলগ্ন মাদক স্পটে ঝটিকা অভিযান চালিয়েছে পুলিশ।
শনিবার ফতুল্লা মডেল থানার একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে চারজন সক্রিয় মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, তারেক (২৫), সাগর (২৬), দেলোয়ার (৩০) ও সোহরাব (২৬)। তারা সবাই ইসদাইর ও সস্তাপুর এলাকার বাসিন্দা। অভিযানকালে তাদের কাছ থেকে ১০৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নানের নির্দেশনায় এসআই রফিক মিয়া ও এসআই শামীম মিয়ার নেতৃত্বে পুলিশ এই অভিযান চালায়।
স্থানীয়দের অভিযোগ, এই স্পটটি গত কয়েক মাস ধরে মাদকের আখড়ায় পরিণত হয়েছে। গ্রেপ্তারকৃতরা ইতিপূর্বেও একাধিকবার গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন, কিন্তু জামিনে বের হয়ে পুনরায় একই কারবারে লিপ্ত হন।
এলাকাবাসী জানান, প্রভাবশালী মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থাকায় মাদকের এই রাজত্ব বন্ধ হচ্ছিল না। লোকালয়ের মাঝে এমন প্রকাশ্য মাদক বিক্রিতে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন আশেপাশের বাড়ির ভুক্তভোগী মানুষজন। দীর্ঘদিনের এই উপদ্রব নিয়ন্ত্রণে পুলিশের তড়িৎ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, মাদকের মূল উৎপাটনে এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ