কিশোরগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট ফজলুর রহমানের মনোনয়নপত্র দাখিল

রায়হান জমান, কিশোরগঞ্জ প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৬:০৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

রোববার দুপুরে তিনি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

একজন বর্ষীয়ান আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে হাওরাঞ্চলের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট ফজলুর রহমান তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। 

তিনি বলেন, “আমি আমৃত্যু জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই। যদি নির্বাচিত হই, তবে এই অবহেলিত হাওরাঞ্চলের মানুষের জন্য একটি উন্নত ও আধুনিক মানের মেডিকেল কলেজ স্থাপন করব। শিক্ষা ও স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনই হবে আমার অন্যতম লক্ষ্য।” 

তিনি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইএইচ