ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ সোমবার শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগমের কাছে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে এই আবেদনপত্র দাখিল করেন।
নির্বাচন কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনভিত্তিক প্রার্থীদের তালিকা নিচে দেওয়া হলো:
শরীয়তপুর-১ (পালং-জাজিরা): এই আসনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. মোশারফ হোসেন মাসুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জালালুদ্দীন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের তোফায়েল আহমেদ, গণঅধিকার পরিষদের ফিরোজ আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. আবদুর রহমান এবং বাংলাদেশ সুপ্রীম পার্টির নূরমোহাম্মদ মিয়া। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সৈয়দ নজরুল ইসলাম ও নাগরিক ঐক্য পার্টির নুরুল ইসলাম।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর): শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনীত প্রার্থী সফিকুর রহমান কিরণ এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তার পাশাপাশি মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহমুদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইমরান হোসেন, গণঅধিকার পরিষদের আকতারুজ্জামান সম্রাট এবং জাতীয় পার্টির জসিম উদ্দীন। এ ছাড়াও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাহমুদুল হাছান, জনতার দলের পারভেজ মোশারফ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফারহানা কবীর রহমান, মো. আলমগীর হোসেন ও মো. নাসির বন্দুকচি তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট): এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হানিফ মিয়া এবং জাতীয় পার্টির আব্দুল হান্নান।
জেলা রিটার্নিং কর্মকর্তা তাহসিনা বেগম সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, সোমবার বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে জেলার তিনটি আসনে মোট ২৩ জন প্রার্থী অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী দিনগুলোতে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে।